চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের পাঁচ দিন পর রাজু মিয়া (২৫) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খনকাইয়া খালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহত রাজু মিয়া ওই এলাকার আব্দুল হাদী মুন্সির বাড়ির বাসিন্দা কবির হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি রাতে রাজু মিয়া নিখোঁজ হন। এ ঘটনায় তার বাবা কবির হোসেন বাদী হয়ে রাজুর স্ত্রীর বড় বোনের স্বামী ফিরোজ আহমেদকে প্রধান আসামি করে ফটিকছড়ি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
নিহতের স্ত্রী তুশি আকতার অভিযোগ করে বলেন, বোনের স্বামীকে (দুলাভাই) বিয়ে করতে রাজি না হওয়ায় পূর্বপরিকল্পিতভাবে তার স্বামীকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সোয়েব সিকদার।
ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, খনকাইয়া খাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :