চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পে এক বিএসএফ জওয়ানের গুলিতে তারই দুই সহকর্মী নিহত হয়েছেন।
এনডিটিভি লিখেছে, ওই জওয়ান বৃহস্পতিবার ক্যাম্পে ঢুকে এলোপাথাড়ি গুলি চালান। ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএসএফ সূত্র বলছে, গুলিতে দুজন নিহত হওয়ার পাশাপাশি আরেক বিএসএফ সদস্য গুরুতর আহত হয়েছেন। গ্রেপ্তার জওয়ানের বিরুদ্ধে বছরখানেক আগেও সহকর্মীদের দিকে গুলি চালানোর অভিযোগ উঠেছিল।
তাকে বিএসএফ আইন অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছিল। দিন কয়েক আগেই সেই শাস্তির মেয়াদ শেষ হয়, আর তারপরেই এ ঘটনা ঘটল।
মালদার বৈষ্ণবনগরে বিএসএফের ১১৯ এবং ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তর অবস্থিত।
গ্রেপ্তার শিবম মিশ্র বৃহস্পতিবার বিকালে সেখানে তার সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ উঠেছে। তার বাড়ি ছত্তিশগড়ে।
নিহতরা হলেন—বিহারের ৫১ বছর বয়সি অজয় কুমার সিং এবং মহারাষ্ট্রের ৩৭ বছর বয়সি আম্বাদার সুরেশ দারগু।
আহত ৪৪ বছর বয়সি জওয়ান বিকাশ ব্রহ্মের বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের সদস্য।
বৈষ্ণবনগর থানার কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছেন। জেলা পুলিশ সুপার অনুপম সিং বলেছেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
বিএসএফ মালদা সেক্টরের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা বলেন, এ ঘটনায় বিভাগীয় তদন্তও শুরু করা হয়েছে।
কিছুদিন আগে শাস্তি শেষ হওয়া শিবমকে বাড়ি পাঠানোর প্রস্তুতি চলছিল। এর মধ্যেই তার মাধ্যমে এলোপাথাড়ি গুলির ঘটনা স্থানীয় পর্যায়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
কালের সমাজ/এএইচবি

