ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

মোহাম্মদ তাজুল ইসলাম | জুলাই ৬, ২০২৬, ০৭:৩০ পিএম ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন (ইউএন-কপস) এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুই দিনব্যাপী এ সম্মেলনে তিনি পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনসহ বিভিন্ন প্লেনারি সেশনে আগামী ৮ জুলাই অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবারের ইউএন-কপস সম্মেলনে জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ কার্যক্রম, পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তির ব্যবহার এবং আন্তঃদেশীয় নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

সম্মেলনের আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি আয়োজিত উচ্চপর্যায়ের নৈশভোজেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

নিউইয়র্ক সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের অপারেশনাল সাপোর্টবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া এবং পলিটিক্যাল অ্যান্ড পিসবিল্ডিং অ্যাফেয়ার্সবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লোর সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

এ ছাড়া বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠকের সূচি রয়েছে। এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন, শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ অগ্রাধিকার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

দুই দিনব্যাপী (৭-৮ জুলাই ২০২৬) এই সম্মেলনে অংশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী রোববার (৫ জুলাই) রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। সফর শেষে আগামী ১২ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।

 

কালের সমাজ/এ.জে

Link copied!