ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
ভুলবোঝাবুঝি

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিল এসেছে : প্রতিমন্ত্রী

কালের সমাজ ডেস্ক | জুলাই ৬, ২০২৬, ০৮:০৯ পিএম জুনে অতিরিক্ত বিদ্যুৎ  বিল এসেছে : প্রতিমন্ত্রী
ছবি সংগ্রহ

অধিকাংশ ক্ষেত্রে ভুলবোঝাবুঝির কারণেই জুন মাসে গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল এসেছে। যান্ত্রিক বা মানুষের ভুলের কারণে বিলে এই ধরনের ত্রুটি থাকতে পারে।

সোমবার এক সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে এ কথা জানান বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তবে সরকার গুরুত্ব দিয়ে এসংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখছে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যতগুলো অভিযোগ আমাদের নজরে এসেছে, আমরা প্রত্যেকটি আলাদাভাবে খতিয়ে দেখেছি। দেখতে গিয়ে আমরা দেখেছি এর অধিকাংশই আসলে ভুলবোঝাবুঝির কারণে। কারণ, গ্রাহক অধিকাংশ ক্ষেত্রে মে মাসের সঙ্গে এপ্রিল মাসের তুলনা করেছেন।

 গত বছরের জুনের সঙ্গে যখন তুলনা করছেন, তখন দেখা যাচ্ছে অধিকাংশের সঙ্গে এটা মিলে যাচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, কিছু কিছু জায়গায় আছে, একটি আবাসিক ফ্ল্যাট ছিল যেখানে সেসময় সময়ে ভাড়াটে ছিল না। এই সময়ে নতুন ভাড়াটে এসেছেন। তিনি জানেন না এখানে নতুন এয়ারকন্ডিশনার ইনস্টল করা হয়েছে, একটা ফ্রিজার যুক্ত করা হয়েছে।

অনেকগুলো ব্যাপার আছে, এই সবকিছু যখন আমাদের ইউনিটের মিটারে এসেছে, দেখা গেছে ভুলবোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এর পরও আমাদের সদিচ্ছা আছে বলেই আমরা স্বচ্ছতার ভিত্তিতে এই জিনিসটি খতিয়ে দেখছি।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আমরা ধরেই নিচ্ছি, মানুষের ভুল বা যান্ত্রিক ত্রুটির কারণে এই ধরনের কিছু সমস্যা থাকতেই পারে। সেই কারণেই কিন্তু পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি, টিভির স্ক্রলে আমরা বলেছি—এই ধরনের ত্রুটি কারও পরিলক্ষিত হলে নিকটস্থ বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করুন। আমরা কিছু নম্বরও দিয়েছি।

 বর্তমান সরকারের মেয়াদ শেষে নবায়নযোগ্য জ্বালানি থেকে অন্তত ১০ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে বাংলাদেশ সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আজকে বিদ্যুৎ বিভাগ যে সংকটে নিমজ্জিত, এটি হচ্ছে ফ্যাসিস্ট সরকারের সময়ের ভুল নীতির কারণে। এটা আপনাদের বুঝতে হবে এবং আমরা সেই সংকটের উত্তরাধিকারী হয়েছি মাত্র সাড়ে চার মাসের সরকার। আমরা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে স্বাবলম্বী হতে চাই, পরনির্ভরতা কমাতে চাই। নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছি। আমরা আশাবাদী, এই সরকারের মেয়াদ শেষে আমরা অন্তত নবায়নযোগ্য জ্বালানি থেকে ১০ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হব।

কালের সমাজ/ এএইচবি 

 

Link copied!