ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রীর বিশেষ ফ্লাইটে একাধিক যান্ত্রিক ত্রুটি, তদন্তে পাঁচ সমস্যার তথ্য

নিজস্ব প্রতিবেদক | নভেম্বর ১৩, ২০২৬, ০১:০৪ পিএম প্রধানমন্ত্রীর বিশেষ ফ্লাইটে একাধিক যান্ত্রিক ত্রুটি, তদন্তে পাঁচ সমস্যার তথ্য


জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেশে ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে একটি নয়, অন্তত পাঁচটি যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। উড়োজাহাজটির কারিগরি নথি ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত রেকর্ড যাচাই করে এসব ত্রুটির তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি উড়োজাহাজটির পূর্ববর্তী যান্ত্রিক সমস্যা, রক্ষণাবেক্ষণের মান এবং ভিভিআইপি ফ্লাইট পরিচালনার জন্য সেটি নির্বাচনের যৌক্তিকতা খতিয়ে দেখছে।

গত ২৯ অক্টোবর জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতিকালে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭-এ যান্ত্রিক সমস্যা দেখা দেয়। উড়োজাহাজটি রানওয়ের দিকে অগ্রসর হওয়ার সময় ককপিটে একাধিক ত্রুটির সতর্কসংকেত পান পাইলটরা। পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাঁরা উড্ডয়ন স্থগিত করেন এবং উড়োজাহাজটিকে পুনরায় পার্কিং বে-তে ফিরিয়ে নেওয়া হয়।

পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলী দল ও জাপানি প্রযুক্তিবিদদের যৌথ প্রচেষ্টায় ত্রুটি নিরসন এবং প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা সম্পন্ন করা হয়। এ কারণে নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা পর ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করতে সক্ষম হয়।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছিল, উড়োজাহাজটির হাইড্রোলিক স্পয়লার নম্বর-১-এ কার্যগত সমস্যা দেখা দিয়েছিল। পরে প্রকৌশলীরা সংশ্লিষ্ট স্পয়লারটি নিষ্ক্রিয় করে প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উড়োজাহাজটিকে উড্ডয়নের উপযোগী করেন।

ঘটনার পরদিন ৩০ অক্টোবর চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কমিটিকে যান্ত্রিক ত্রুটির প্রকৃত কারণ অনুসন্ধান, মেরামতের পুরো প্রক্রিয়া পর্যালোচনা এবং উড়োজাহাজটির উড্ডয়নযোগ্যতা যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়।

পাশাপাশি ফ্লাইট পরিচালনার আগে কারিগরি পরীক্ষা-নিরীক্ষায় কোনো ঘাটতি ছিল কি না, সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে অবহেলা কিংবা বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়হীনতা ছিল কি না, সেসব বিষয়ও তদন্তের আওতায় আনা হয়েছে।

তদন্ত কমিটি উড়োজাহাজটির আগের যান্ত্রিক ত্রুটির ইতিহাস ও রক্ষণাবেক্ষণের রেকর্ড পর্যালোচনার পাশাপাশি গুরুত্বপূর্ণ এই ভিভিআইপি ফ্লাইটের জন্য উড়োজাহাজটি নির্বাচনের সিদ্ধান্তও যাচাই করছে।

তদন্তে উড়োজাহাজটির কারিগরি লগ বই এবং রক্ষণাবেক্ষণের রেকর্ড পর্যালোচনা করে স্পয়লার ও ফ্ল্যাপ সম্প্রসারণ, পিটট হিটিং ব্যবস্থা এবং ডান ও বাম পাশের র‍্যাম এয়ার ফ্যান ব্যবস্থায় ত্রুটির প্রমাণ পেয়েছে কমিটি।

বিমানের একটি সূত্র জানায়, তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এখন পরবর্তী সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

এদিকে ভিভিআইপি ফ্লাইটের নিরাপত্তায় অবহেলা প্রমাণিত হলে সংশিষ্টদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক নাফিজ ইমতিয়াজ উদ্দিন বলেন, স্পয়লার আপ-ডাউন করছে না, এটা সেন্সর এবং এয়ারক্রাফটের সমস্যা। এমনিতেই সবকিছুর আগে যাত্রীর নিরাপত্তা অগ্রাধিকার পায়। এরপরও প্রধানমন্ত্রীর মতো কেউ যাচ্ছেন, তখন তো বিমানের সবকিছুই পরীক্ষিত থাকবে। ঘটনাটি নিয়ে যারা তদন্ত করেছেন, তারা যদি কোনো ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!