ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

দ্বিতীয় দিন শেষে ১৫৬ রানের লিড বাংলাদেশের

কালের সমাজ ডেস্ক | মে ১৭, ২০২৬, ০৭:৪৭ পিএম দ্বিতীয় দিন শেষে ১৫৬ রানের লিড বাংলাদেশের

সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১১০ রান তুলে স্বাগতিকদের মোট লিড দাঁড়িয়েছে ১৫৬ রান। এখনও হাতে রয়েছে ৭ উইকেট।

৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করলেও আবারও হতাশ করেছেন বাংলাদেশের ওপেনাররা। অভিষিক্ত তানজিদ হাসান তামিম দ্রুত ফিরলেও আক্রমণাত্মক ব্যাটিংয়ে ইনিংস সামলান মাহমুদুল হাসান জয়। পরে অভিজ্ঞ মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলের ভিত আরও শক্ত করেন।

জয় ৬৪ বলে ১০টি চারে ৫২ রান করে আউট হন। তার সঙ্গে মুমিনুলের ৭৬ রানের জুটি বাংলাদেশের ইনিংসকে গতি এনে দেয়। এরপর শান্তকে নিয়ে ইনিংস এগিয়ে নেন মুমিনুল। তবে দিনের খেলা শেষ হওয়ার তিন বল আগে খুররম শাহজাদের বলে ৩০ রান করে বিদায় নেন তিনি।
দিন শেষে ৩২ বলে ১৩ রান করে অপরাজিত আছেন অধিনায়ক শান্ত।

এর আগে প্রথম ইনিংসে লিটন কুমার দাসের দুর্দান্ত ১২৬ রানে ভর করে ২৭৮ রান তোলে বাংলাদেশ। পাকিস্তানের হয়ে খুররম শাহজাদ নেন ৪ উইকেট এবং মোহাম্মদ আব্বাস শিকার করেন ৩টি উইকেট।

জবাবে পাকিস্তান অলআউট হয় ২৩২ রানে। বাবর আজম সর্বোচ্চ ৬৮ রান করেন, আর সাজিদ খান খেলেন ৩৮ রানের ঝড়ো ইনিংস।

বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদ রানা ও তাইজুল ইসলাম ৩টি করে উইকেট নেন। এছাড়া তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ শিকার করেন ২টি করে উইকেট।

দ্বিতীয় দিনের শুরুতে পাকিস্তান ছিল বিনা উইকেটে ২১ রানে। তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দিকে টেনে নেয় বাংলাদেশ।

 

কালের সমাজ/কে.পি


 

Link copied!