ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

আইপিএল ফাইনালের দিন ‘ভারতে যাচ্ছেন না’ নাকভি

স্পোর্টস ডেস্ক | মে ১৭, ২০২৬, ০১:৩৯ পিএম আইপিএল ফাইনালের দিন ‘ভারতে যাচ্ছেন না’ নাকভি

ভারতে আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসির বার্ষিক বোর্ড সভায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির উপস্থিতি নিয়ে চলা অনিশ্চয়তার অবসান ঘটেছে। সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, তিনি সরাসরি উপস্থিত না হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমেই সভায় অংশ নেবেন।

পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে তার সরাসরি যোগ দেয়ার সম্ভাবনা নিয়ে ব্যাপক জল্পনা চললেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। পাশাপাশি আইপিএল ২০২৬ ফাইনালেও তাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে। আইসিসির নিয়ম অনুযায়ী, সদস্য দেশগুলোর প্রতিনিধিরা চাইলে ভার্চুয়ালি অংশ নেয়ার সুযোগ সবসময়ই থাকে।

আইসিসির এই সভা মূলত গত মাসে কাতারে হওয়ার কথা ছিল। তবে পশ্চিম এশিয়ার চলমান সংকটের কারণে সেটি স্থগিত করা হয়।

সূত্র আরও জানায়, নাকভির সরাসরি উপস্থিত থাকার কোনো পরিকল্পনাই ছিল না; বরং তার ভার্চুয়াল অংশগ্রহণ আইসিসির নিয়মিত প্রক্রিয়ারই অংশ। এবার তিনজন সদস্য অনলাইনে সভায় যোগ দেবেন।

আহমেদাবাদে আইপিএল ফাইনালের সঙ্গে একই সময়ে এই সভা অনুষ্ঠিত হওয়ায় এটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিশ্বের বিভিন্ন ক্রিকেট বোর্ডের শীর্ষ প্রশাসকরা এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

ভারত ও পাকিস্তানের ক্রিকেটীয় টানাপোড়েন নতুন নয়। এর আগেও নানা ইস্যুতে দুই দেশের বোর্ডের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে টুর্নামেন্ট আয়োজন, রাজনৈতিক জটিলতা এবং নিরাপত্তা ইস্যু নিয়ে দুই বোর্ডের মধ্যে মতবিরোধ আরও বেড়েছে।

এশিয়া কাপের ট্রফি বিতরণ নিয়ে বিতর্ক সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে, যেখানে ভারতীয় ক্রিকেটাররা নাকভির কাছ থেকে সরাসরি ট্রফি গ্রহণে অনীহা প্রকাশ করেন বলে জানা যায়। শেষ পর্যন্ত নাকভিও নিজে ট্রফি হস্তান্তর করেননি।

কালের সমাজ/এসআর

Link copied!