সিলেট টেস্টের প্রথম দিনেই ২৭৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে কোনো উইকেট না হারিয়েই ২১ রান তুলে প্রথম দিন শেষ করেছিল পাকিস্তান। তবে দ্বিতীয় দিনের সকালের সেশনে সেই দৃঢ়তা ধরে রাখতে পারেনি শান মাসুদের দল। এক সেশনেই দলটির ৪ উইকেট তুলে নেন বাংলাদেশের বোলাররা।
রোববার (১৭ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের রানের সঙ্গে ১ রান যোগ হতেই আব্দুল্লাহ ফজলকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। আরও এক রান যোগ হতে ফেরেন আরেক ওপেনার আজান আওয়াইসও, ঘাতক এবারও সেই তাসকিন।
প্রাথমিক এই বিপদ কাটিয়ে ওঠার চেষ্টায় ৩৮ রানের জুটি গড়েন বাবর আজম ও শান মাসুদ। তবে মেহেদী হাসান মিরাজের তোপে তাদের জুটিও স্থায়ী হয়নি। মাসুদকে দলীয় ৬১ রানে ও শাকিলকে ৭৯ রানের মাথায় ফিরিয়ে দেন। যদিও সেশনের বাকি সময়টুকু নির্বিঘ্নে পাড় করে দেন বাবর আজম ও সালমান আগা। ৪ উইকেট হারিয়ে ৯৬ রানে আছে পাকিস্তান। এর মধ্যে বাবর ৫৮ বলে ৩৭ ও সালমান ৬ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের রান থেকে এখনো ১৮২ রানে পিছিয়ে পাকিস্তান।
পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের চলতি সিরিজের দ্বিতীয় টেস্ট। এর আগে মিরপুরে প্রথম টেস্টে সফরকারীদের বড় ব্যবধানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল। এই ম্যাচ জয় কিংবা ড্র করলেই সিরিজ ঘরে তুলবে টাইগাররা।
কালের সমাজ/এসআর

