ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

রিয়াল সভাপতির সঙ্গে বার্সার দ্বন্দ্ব গড়াল আদালতে

স্পোর্টস ডেস্ক | সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১০:৪৯ এএম রিয়াল সভাপতির সঙ্গে বার্সার দ্বন্দ্ব গড়াল আদালতে

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার পুরোনো বিরোধ এবার পৌঁছে গেল আদালতের দরজায়। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের বিরুদ্ধে বার্সেলোনার করা মানহানিসংক্রান্ত আবেদনের পর আগামী ২৫ নভেম্বর মাদ্রিদের একটি আদালতে দুই পক্ষকে সমঝোতা শুনানিতে হাজির হতে বলা হয়েছে। ফ্লোরেন্তিনোর বক্তব্য প্রত্যাহারের দাবি জানাবে কাতালান ক্লাবটি।

গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টির সূত্রপাত গত মে মাসে। এক সংবাদ সম্মেলনে নেগ্রেইরা কাণ্ড নিয়ে বার্সেলোনাকে ঘিরে কঠোর মন্তব্য করেন রিয়াল মাদ্রিদের সভাপতি। তিনি ঘটনাটিকে ‘ব্যবস্থাগত দুর্নীতি’ হিসেবে অভিহিত করার পাশাপাশি ফুটবল ইতিহাসের অন্যতম বড় কেলেঙ্কারি বলে মন্তব্য করেন। এ নিয়ে উয়েফার কাছে বিপুলসংখ্যক নথি পাঠানোর প্রস্তুতির কথাও জানিয়েছিলেন তিনি।

ফ্লোরেন্তিনোর মন্তব্যের পরই আপত্তি জানায় বার্সেলোনা। ক্লাবটির দাবি, রিয়াল সভাপতির বক্তব্য সত্য নয় এবং সেগুলো বার্সেলোনার সুনাম ক্ষুণ্ন করেছে।

এরপর জুনে আনুষ্ঠানিক বিবৃতিতে আইনি পদক্ষেপের ঘোষণা দেয় বার্সা। স্পেনের দণ্ডবিধির ২০৫ নম্বর ধারায় মানহানির অভিযোগ আনার আগে যে সমঝোতা প্রক্রিয়া প্রয়োজন, সেটিই শুরু করেছে ক্লাবটি।

বার্সেলোনার অবস্থান অনুযায়ী, ২৫ নভেম্বরের শুনানিতে ফ্লোরেন্তিনো তার বক্তব্য প্রত্যাহার না করলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে। এমনকি শুনানিতে রিয়াল সভাপতি উপস্থিত না থাকলেও প্রক্রিয়া এগিয়ে নেয়ার কথা জানিয়েছে কাতালান ক্লাবটি।

এর আগে বার্সেলোনার সহসভাপতি রাফায়েল ইউস্তে অভিযোগ করেছিলেন, ক্লাবকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই ফ্লোরেন্তিনো ওই মন্তব্য করেছেন। বার্সেলোনার নাম ও মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা হলে আইনি পথেই জবাব দেয়ার কথাও জানিয়েছিলেন তিনি।

নেগ্রেইরা কাণ্ড নিয়ে রিয়াল-বার্সার পাল্টাপাল্টি অবস্থান অবশ্য নতুন নয়। তবে এবার বিষয়টি আদালতের সমঝোতা প্রক্রিয়ায় পৌঁছানোয় দুই ক্লাবের দীর্ঘদিনের উত্তেজনায় যোগ হয়েছে নতুন মাত্রা। ২৫ নভেম্বরের শুনানির পরই স্পষ্ট হবে, বিরোধটি সমঝোতায় থামে নাকি আরও বড় আইনি লড়াইয়ে গড়ায়।

কালের সমাজ/এসআর

Link copied!