ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মেসিকে বিদায়ী ম্যাচে রাজি করাতে স্কালোনির বিশেষ কৌশল

স্পোর্টস ডেস্ক | সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০১:০০ পিএম মেসিকে বিদায়ী ম্যাচে রাজি করাতে স্কালোনির বিশেষ কৌশল

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ—বিষয়টি এখন প্রায় নিশ্চিত। তবে বিদায়ী ম্যাচে মাঠে নামতে মেসিকে রাজি করাতে কোচ লিওনেল স্কালোনিকে ব্যক্তিগতভাবেই উদ্যোগ নিতে হয়েছে। তার যুক্তি ছিল, ভক্ত-সমর্থকদের সামনে বিদায় নেয়ার জন্য এর চেয়ে উপযুক্ত সময় আর নাও আসতে পারে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে মেসির বিদায়ী ম্যাচ প্রসঙ্গে বিস্তারিত কথা বলেন স্কালোনি। আর্জেন্টাইন কোচের মতে, মেসির মতো একজন কিংবদন্তির প্রাপ্য বিদায়ও হতে হবে বিশেষ।

স্কালোনি বলেন, ‘আমি নিজে তাকে বুঝিয়েছি, বিদায় জানানোর জন্য এটাই সেরা সময়। ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করেছি, কারণ তার শেষ মুহূর্তে পাশে থাকতে চাই।’

মেসির বিদায়ের বিষয়টি কেন এত দ্রুত আয়োজন করতে চেয়েছেন, সেটিও ব্যাখ্যা করেছেন স্কালোনি। তিনি বলেন, ‘ভবিষ্যতে আমি কোচের দায়িত্বে থাকব কি না জানি না। তাই আমরা চেয়েছি, সে যেন দেশবাসীর সামনে বিদায় নিতে পারে।’

এরপর মেসিকে ঘিরে নিজের ভাবনার আরও একটি দিক তুলে ধরেন আর্জেন্টাইন কোচ। তার ভাষায়, ‘পরে হয়তো সেই জাদু আর থাকবে না। তাই এখনই তার এই ভালোবাসাটা পাওয়া উচিত।’

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর নতুন একটি চক্রের দিকে এগোচ্ছে আর্জেন্টিনা। সেই পথচলায় দলে পরিবর্তন আনার কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন স্কালোনি। নতুন খেলোয়াড়দের সুযোগ দিয়ে দলকে ধীরে ধীরে পুনর্গঠন করা হচ্ছে। একই সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে তার চুক্তি নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি।

আন্তর্জাতিক সূচিতে ৩০ সেপ্টেম্বর বলিভিয়া ও ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচে মেসির মাঠে নামার কথা রয়েছে। বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ।

কালের সমাজ/এসআর

Link copied!