ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

‎‘ছায়া মন্ত্রিসভায়’ দায়িত্বপ্রাপ্তরা মাঠে কাজ শুরু করেছেন: গোলাম পরওয়ার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ | সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৭:৩৬ পিএম ‎‘ছায়া মন্ত্রিসভায়’ দায়িত্বপ্রাপ্তরা মাঠে কাজ শুরু করেছেন: গোলাম পরওয়ার

ছায়া মন্ত্রিসভায় দায়িত্বপ্রাপ্তরা এরই মধ্যে মাঠে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দলের ঘোষিত ছায়া মন্ত্রিসভা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
‎
‎আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে দুই দিনব্যাপী জেলা কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবির শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত সেক্রেটারি জেনারেল।
‎এসময় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সরকার গত ছয় মাসে তিনবার তেলের দাম বাড়িয়েছে। মানুষের নিত্যদিনের কাজকর্মের সঙ্গে জ্বালানি সরাসরি জড়িত। কেউ নিজের পৈতৃক জমি বিক্রি করে রাষ্ট্র চালাচ্ছে না, জনগণের ট্যাক্স ও ভ্যাটের টাকাই রাষ্ট্র চলছে। তাই সরকারের কাছে জবাবদিহি থাকা উচিত যে, কেন ঘন ঘন তেলের দাম বাড়ানো হচ্ছে।’
‎
‎এছাড়া জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সরকারকে লিখিতভাবে ৮ পৃষ্ঠার সমাধানের সুপারিশমালা দেয়া হয়েছে বলে জানান তিনি। তবে তার অভিযোগ, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
‎
‎দলের ঘোষিত ছায়া মন্ত্রিসভা নিয়ে এক প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিরোধীদলের এই ছায়া মন্ত্রিসভা কোনো আনুষ্ঠানিক বিষয় নয়, এটি আমাদের একটি অভ্যন্তরীণ প্রশাসনিক ও মনিটরিং কাঠামোর অংশ। আমরা যাদের যেসব বিষয়ে দায়িত্ব দিয়েছি, তারা এরই মধ্যে মাঠে কাজ শুরু করেছেন।
‎
‎দেশে সার্বিক দুর্নীতি পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, ‘অতীতে দুর্নীতির ধরন ছিলো “মেগা স্টাইল”, আর এখন তা জেলা, উপজেলা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায় পর্যন্ত সিন্ডিকেট ও চক্রের মতো ছড়িয়ে পড়েছে।’

কালের সমাজ/কে.পি

Link copied!