মরক্কো ও পিএসজির তারকা আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। ফলে ২০২৩ সালের অভিযোগের ঘটনায় হাকিমিকে হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে। তবে আদালতে আপিল খারিজ হওয়া মানেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন এমন নয়। অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মূল বিচারপ্রক্রিয়ার পর।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) কোর্ট অব ক্যাসেশন হাকিমির করা আপিল গ্রহণ করেনি। এর আগে ১৯ জুন ভার্সাইয়ের আপিল আদালত হাকিমিকে ফৌজদারি আদালতে পাঠানোর সিদ্ধান্ত বহাল রাখে। সেই রায়ের বিরুদ্ধেই সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন পিএসজির এই ডিফেন্ডার।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে এক তরুণী হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন হাকিমি। তার আইনজীবীও জানিয়েছেন, অভিযোগের মূল বিষয়গুলো কোর্ট অব ক্যাসেশন পর্যালোচনা করেনি; সেগুলো নিয়ে মূল বিচারেই আলোচনা হবে।
ফ্রান্সের সর্বোচ্চ আদালতের সর্বশেষ সিদ্ধান্তের ফলে হাকিমির পক্ষ থেকে এই পর্যায়ের আইনি চ্যালেঞ্জের সুযোগ শেষ হলো। এখন মামলাটি ফৌজদারি আদালতে গড়ানোর পথ পরিষ্কার হয়েছে। তবে বিচার শুরুর নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
বাদীপক্ষের আইনজীবী র্যাচেল-ফ্লোর পার্দো জানিয়েছেন, তার মক্কেল বিচারের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার লড়াই চালিয়ে যাবেন। অন্যদিকে হাকিমির আইনজীবী ফ্যানি কোলিন বলেছেন, তার মক্কেল শুরু থেকেই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছেন এবং বিচারপর্বে তার পক্ষের সব বক্তব্য ও প্রমাণ উপস্থাপন করা হবে।
কালের সমাজ/এসআর

