ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

খুলনায় চিংড়ি পলাশের বাড়ি থেকে অস্ত্রসহ যুবক আটক

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৮:৪৫ পিএম খুলনায় চিংড়ি পলাশের বাড়ি থেকে অস্ত্রসহ যুবক আটক

খুলনায় কথিত শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশের বাড়িতে অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলিসহ রিফাত তালুকদার নামে এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নগরীর লবণচরা ও সোনাডাঙ্গা মডেল থানার আওতাধীন গোবরচাকা শাহিনুর জামে মসজিদ রোডের খালাসীবাড়ি মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে যশোর থেকে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি নগরীর ওই এলাকায় মো. পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশের ২২ নম্বর বাড়িতে অবস্থান করছেন। পরে খুলনা মহানগর ডিবির উপ-পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকারের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যশোর কোতোয়ালি থানার শংকরপুর বাস টার্মিনাল এলাকার মো. ইদ্রিস তালুকদারের ছেলে রিফাত তালুকদারকে আটক করা হয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

খুলনা মহানগর পুলিশের (ডিবি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় আটক রিফাত তালুকদারের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশের দাবি, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৭ ডিসেম্বর যশোর থেকে শীর্ষ সন্ত্রাসী পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশকে গ্রেপ্তার করে র‍্যাব-৬। বর্তমানে সে কারাগারে আছে। চিংড়ি পলাশ মূলত খুলনা ও আশপাশের জেলাগুলোর চিংড়ি ঘের মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতো। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে, যার মধ্যে সোনাডাঙ্গা থানায় ৮টি হত্যা মামলা আছে। এছাড়াও তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, মারামারি ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।

কালের সমাজ/কে.পি


 

Link copied!