সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডকে কেন্দ্র করে রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়। ১৭ সেপ্টেম্বর থেকে তাকে সদরদপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়েছিল।
সম্প্রতি ছড়িয়ে পড়া অডিওতে ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল হাসানের কথোপকথন শোনা যায়।
অডিওতে তাকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না। রাস্তার পুলিশ কত দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে আসা উচিত।’
এ ছাড়া অডিওতে ‘পুলিশ কিছুই করতে পারবে না’—এমন বক্তব্যও শোনা যায়।
তবে ভাইরাল হওয়া অডিওটি নিয়ে নিজের ফেসবুক প্রোফাইলে ভিন্ন দাবি করেন রাকিবুল হাসান। তিনি অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘অ্যাডভান্স এআই ছাড়া এটা আর কিছু না। এ যুগে এআই দিয়েও ফাঁসানো যায় মানুষকে। এই অডিও না শুনলে বুঝাই যাবে না।’
তিনি আরও দাবি করেন, যাচাই-বাছাই না করে অডিওটি প্রচার করায় তার মানহানি হচ্ছে। গণমাধ্যমকে কোনো তথ্য প্রচারের আগে তা যাচাই করারও অনুরোধ জানান তিনি।
কালের সমাজ/কে.পি

