ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪

জেলা প্রতিনিধি, কুমিল্লা | সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৮:১২ পিএম কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪

কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় চালানো এ অভিযানে এখন পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পূর্বের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলা পুলিশ সূত্রে জানা যায়, কিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে জেলার বিভিন্ন বখাটেদের আড্ডাস্থল, অপরাধপ্রবণ এলাকা ও সন্দেহজনক স্থানে রাতভর অভিযান চালানো হয়। জেলার ১৮টি থানার পাশাপাশি বিভিন্ন পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকাতেও এ অভিযান পরিচালিত হয়। পুলিশের দাবি, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোর ও তরুণদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে। বিষয়টি সামাজিকভাবে উদ্বেগ তৈরি করায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের নির্দেশনায় জেলার ১৮টি থানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, ‘কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে এখন পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে। তাদের পূর্বের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

পুলিশ বলছে, কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণের পাশাপাশি উঠতি বয়সী তরুণদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!