ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
চালক পলাতক

মোটর সাইকেলের ট্যাঙ্কি থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার

জেলা প্রতিনিধি,গাইবান্ধা | সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১০:০৩ পিএম মোটর সাইকেলের ট্যাঙ্কি থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার

পালসার মোটর সাইকেল চালিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে আসছিল দুই যুবক। অভিনব কায়দায় মোটর সাইকেলের সিটের নিচে ও ট্যাঙ্কির ভেতরে ঠাসাঠাসি করে রেখেছে গাঁজা। নিয়মিত তল্লাসির মুখে পড়তেই চালক বাইক ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গাইবান্ধা শহরের পুরাতন জেলখানা মোড়ে এই ঘটনা ঘটে। 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, প্রতিদিনের মত জেলখানা মোড়ে রুটিন অনুযায়ী ট্রাফিক পুলিশ ডিউটি করে আসছিল। সকাল সাড়ে ৯টার দিকে সন্দেহজনক একটি পালসার মোটরসাইকেলকে থামার সংকেত দিন কর্তব্যরত ট্রাফিক টিএসআই হযরত আলী ও গৌতম। কিন্তু মোটরসাইকেল চালক সংকেত পাওয়ার সাথে সাথেই চালক কিছুটা সামনে গিয়ে বাইকটি রাস্তায় ফেলে রেখে কৌশলে দৌড়ে পালিয়ে যায়। 
পরে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদর থানায় খবর দেয়। পুলিশ এসে ট্রাফিক পুলিশ ও উপস্থিত লোকজনের সামনে মোটরসাইকেল সিট খুললে কালো পলিথিনে মোড়ানো কয়েকটি গাঁজার প্যাকেট দেখতে পায়। পরে বাইকের ট্যাঙ্কি ও পাশের কভারে ঠাসাঠাসি করে রাখা অনেকগুলো গাঁজা পাওয়া যায়। গাঁজাগুলো ওজন করে দেখা যায় ৬ কেজি ৪৫০ গ্রাম গাঁজা। 
এব্যাপারে টিআই এডমিন আলতাফ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় জেলা শহরকে যানজট মুক্ত রাখতে এবং মাদকের জিরো টলারেন্সে ট্রাফিক সদস্যরা আন্তরিকতার সাথে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় পুরাতন জেলখানা মোড়ে মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। সেইসাথে সিসি ফুটেজ দেখে চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।

কালের সমাজ/কে.পি

 

 

 

Link copied!