ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

নারী দলের নতুন কোচ ডেভিড হেম্প

ক্রীড়া প্রতিবেদক | সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১১:৪২ এএম নারী দলের নতুন কোচ ডেভিড হেম্প

বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ডেভিড হেম্প। আগামী ১ অক্টোবর থেকে তিনি দায়িত্ব নেবেন। এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যেখানে নিগার সুলতানা জ্যোতির অধিনায়কত্বের বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

সাম্প্রতিক সময়ে নারী দলের পারফরম্যান্সে অসন্তোষের পর কোচিং প্যানেলে পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বিসিবি। এর অংশ হিসেবে প্রধান কোচ সরোয়ার ইমরানের জায়গায় দায়িত্ব নিচ্ছেন বারমুডার সাবেক ব্যাটার ডেভিড হেম্প।

বাংলাদেশ ক্রিকেটে হেম্প পরিচিত মুখ। এর আগে তিনি বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন। পাশাপাশি হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের সঙ্গেও যুক্ত ছিলেন। এবার নারী দলের প্রধান কোচের পাশাপাশি ব্যাটিং কোচের দায়িত্বও পালন করবেন তিনি। বিষয়টি বিসিবির নারী বিভাগ নিশ্চিত করেছে।

এদিকে নারী দলের নেতৃত্ব নিয়েও চলছে আলোচনা। এশিয়ান গেমস চলাকালেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। সোমবারের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

তবে বোর্ডের ভেতরে এখনো জ্যোতিকে নেতৃত্বে রাখার পক্ষেও মত রয়েছে। ফলে অধিনায়কত্বের বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ এখনো খোলা রয়েছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নতুন কোচের অধীনে আগামী ৩ অক্টোবর অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে দেশ ছাড়বেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা।

কালের সমাজ/এসআর

Link copied!