ঢাকা বুধবার, ০৪ মার্চ, ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

প্রথমবারের মতো বিপিএলে উইলিয়ামসন

কালের সমাজ ডেস্ক | জানুয়ারি ২১, ২০২৬, ১১:৪৩ এএম প্রথমবারের মতো বিপিএলে উইলিয়ামসন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফাইনালের লড়াইয়ে নতুন মাত্রা যোগ করতে চলেছেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের ইতিহাসের অন্যতম সফল এই ব্যাটসম্যান প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসছেন রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে।

চট্টগ্রাম রয়্যালসের কাছে প্রথম কোয়ালিফায়ারে হেরে ফাইনালে সরাসরি ওঠার সুযোগ হাতছাড়া করে রাজশাহী। ফলে ঢাকায় পা দিয়েই মাঠে নামার প্রস্তুতি নিতে হচ্ছে উইলিয়ামসনকে।

দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আশা করছি, আগামীকালই উইলিয়ামসন আমাদের সঙ্গে যোগ দেবে।’

কয়েক দিন ধরেই রাজশাহীতে উইলিয়ামসনের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা চলছিল। কোয়ালিফায়ারের আগের দিন রাজশাহীর কিউই অলরাউন্ডার জিমি নিশাম জানান, টুর্নামেন্টের শেষ দিকে উইলিয়ামসনকে আনার বিষয়ে দলটি চেষ্টা করছে। সে সম্ভাবনাই এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে ডারবান’স সুপার জায়ান্টসের হয়ে খেলছিলেন উইলিয়ামসন। তবে সোমবার জোবার্গ সুপার কিংসের জয়ে তার দল টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। এর ফলে বিপিএলে খেলার পথ খুলে যায় কিউই এই ব্যাটসম্যানের।

নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই বেশি সময় দিচ্ছেন উইলিয়ামসন।

বিশ্বের বিভিন্ন লিগে খেললেও এতদিন বিপিএলে দেখা যায়নি তাকে। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

যদিও এসএ টোয়েন্টিতে খুব একটা ছন্দে ছিলেন না উইলিয়ামসন। ছয় ইনিংসে ১১০ রান করেছেন তিনি, গড় ছিল ২২ এবং স্ট্রাইক রেট ১২০.৮৭। সর্বোচ্চ ইনিংস ৪০ রান।

তবু তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ রাজশাহীর ফাইনালের স্বপ্নে বড় ভূমিকা রাখতে পারে বলে আশা ক্রিকেট সংশ্লিষ্টদের।

কালের সমাজ/এসআর

Link copied!