ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

পিরোজপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু

জেলা প্রতিনিধি, পিরোজপুর | এপ্রিল ২১, ২০২৬, ০৮:১৫ পিএম পিরোজপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু

সারাদেশের মতো পিরোজপুরেও শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে প্রতিদিন দুপুর ১টা পর্যন্ত চলবে।
এ বছর জেলায় মোট ১৬ হাজার ৪২৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে এসএসসি শাখায় ৯ হাজার ৬২৯ জন, দাখিলে ৫ হাজার ৯১৮ জন এবং কারিগরি শাখায় ৮৮১ জন। জেলার সাতটি উপজেলার ৪৮টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এবং সিসিটিভি ক্যামেরা সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রথম দিনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী আযিযী, সদর উপজেলার নির্বাহী অফিসার মামুনুর রশীদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং শৃঙ্খলা বজায় রাখা, নকল প্রতিরোধ, সিসিটিভি কার্যকর রাখা ও পরীক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পরীক্ষাকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

 

কালের সমাজ /কে.পি

Link copied!