ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নারী-পুরুষসহ ৪ জন আহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টার দিকে বাড়ির পাশের নেপিয়ান ঘাসের জমিতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমার ভোগদখল সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে স্থানীয় দুই পরিবারের মধ্যে উত্তেজনা চলছিল। ঘটনার দিন অভিযোগকারীর ছেলে নোমানুজ্জামান মিয়া জমিতে নেপিয়ান ঘাস কাটতে গেলে প্রতিবেশী বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র—লাঠিসোঁটা, কাঁচি, রামদা ও কাঠের বৈঠা নিয়ে তার ওপর হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন . আবু সাঈদ মিয়া (৭০), তার ছেলে শওকত মিয়া (৪২) ও সোয়াইব মিয়া (২০)। তারা একই এলাকার পাশাপাশি বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।
ভুক্তভোগীর পরিবারের দাবি, নোমানুজ্জামানের চিৎকারে বাড়ির অন্য সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এ সময় মারধরের পাশাপাশি এক নারীর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করে। আহতরা হলেন—নোমানুজ্জামান, পারভীন আক্তার সুইটি, রিকু আক্তার ও রোহান।এ ঘটনায় . সালাম মিয়া বাদী হয়ে নগরকান্দা থানা-এ একটি অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আবু সাঈদ মিয়া বলেন, “তারা মামলা করেছে, আমরাও মামলা করবো। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ বলেন ," অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কালের সমাজ/কে.পি

