ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় জমে উঠেছে আমের বাজার

সোনারগাঁও উপজেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ | জুন ৪, ২০২৬, ০৭:৪৩ পিএম সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় জমে উঠেছে আমের বাজার

গ্রীষ্মের মৌসুমে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় জমে উঠেছে দেশীয় বিভিন্ন জাতের রসালো আমের বাজার। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সুস্বাদু ও পাকা আমে এখন ভরে উঠেছে চৌরাস্তার ফুটপাত ও অস্থায়ী ফলের দোকানগুলো।
বাজার ঘুরে দেখা যায়, গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, ক্ষীরসাপাত, আম্রপালি ও বিভিন্ন দেশীয় জাতের আম বিক্রি হচ্ছে। ক্রেতাদের চাহিদা বিবেচনায় বিক্রেতারা আম সাজিয়ে বিক্রি করছেন, যা পথচারীদেরও আকৃষ্ট করছে। 

ব্যবসায়ীরা জানান, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোরসহ দেশের বিভিন্ন আম উৎপাদনকারী জেলা থেকে প্রতিদিন ট্রাক ও পিকআপযোগে আম আসছে। আমের মান ও জাতভেদে বর্তমানে প্রতি কেজি আম ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা জানান, বাজারে এখন পর্যাপ্ত পরিমাণে দেশীয় আম পাওয়া যাচ্ছে এবং দামও তুলনামূলকভাবে সহনীয়। ফলে পরিবার-পরিজনের জন্য আম কিনতে ভিড় বাড়ছে প্রতিদিন।

বিক্রেতাদের প্রত্যাশা, মৌসুমের বাকি সময়জুড়ে আমের সরবরাহ স্বাভাবিক থাকলে বিক্রি আরও বাড়বে। আর দেশীয় সুস্বাদু আমের ঘ্রাণ ও স্বাদে মুগ্ধ হয়ে প্রতিদিনই মোগরাপাড়া চৌরাস্তার আমের বাজারে ভিড় করছেন স্থানীয় ও দূর-দূরান্তের ক্রেতারা।

কালের সমাজ/কে.পি

Link copied!