ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

এই বিজয় বাংলাদেশের গণতন্ত্রের’ : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | জুন ৪, ২০২৬, ০৯:৪৮ পিএম এই বিজয় বাংলাদেশের গণতন্ত্রের’ : পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরে এ অর্জনকে বাংলাদেশের বিজয় এবং গণতন্ত্রের বিজয় হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার (৪ জুন)পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিজয় শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদা ও গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতিফলন। তিনি এ সাফল্য দেশের জনগণ এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি উৎসর্গ করেন।

ড. খলিলুর রহমান জানান, প্রধানমন্ত্রীর দৃঢ় সমর্থন ও আস্থার কারণেই এ অর্জন সম্ভব হয়েছে। তিনি বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা না থাকলে স্বল্প সময়ে এত বড় সাফল্য অর্জন করা কঠিন হতো।

এ সময় তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ন কবীর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবদানের কথাও উল্লেখ করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টা ও কূটনৈতিক তৎপরতার ফলেই এই সাফল্য এসেছে বলে মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন এবং একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকার আন্তর্জাতিক নজির রয়েছে। তিনি উদাহরণ হিসেবে বাংলাদেশের সাবেক কূটনীতিক ও রাজনীতিক হুমায়ুন রশীদের কথা উল্লেখ করেন, যিনি চার দশক আগে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি সরকারি দায়িত্বও পালন করেছিলেন।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন ড. খলিলুর রহমান। তার এই নির্বাচনী জয়কে বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

 

কালের সমাজ/কে.পি


 


 

Link copied!