ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের পাঁচ ডিআইজি

নিজস্ব প্রতিবেদক | জুন ৪, ২০২৬, ০৯:২৬ পিএম অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের পাঁচ ডিআইজি

বাংলাদেশ পুলিশের পাঁচজন উপমহাপরিদর্শক (ডিআইজি) পদোন্নতি পেয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নাম প্রকাশ করা হয়।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, এনএসআই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী গ্রেড-২ মর্যাদা দেওয়া হয়েছে। তাদের যোগদানের তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে মো. মুশফেকুর রহমান ও ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। অন্যদিকে মো. মনিরুজ্জামান, ফারুক আহমেদ এবং রেজাউল করিম মল্লিক ১৭তম ব্যাচের কর্মকর্তা।

এদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে পুলিশের দুই অতিরিক্ত আইজিপিকে গ্রেড-১ পদমর্যাদা দেওয়া হয়েছে। তারা হলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন।

এর মধ্যে মো. দেলোয়ার হোসেন মিঞা বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের এবং এ কে এম আওলাদ হোসেন ১৫তম ব্যাচের কর্মকর্তা।

কালের সমাজ/কে.পি

 

Link copied!