ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

কে এস মং এর উদ্যোগে বান্দরবানে ২,৭০০ রোগী পেলো ফ্রি চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা

রতন কুমার দে, বান্দরবান | জুলাই ৪, ২০২৬, ০৯:৪৬ পিএম কে এস মং এর উদ্যোগে বান্দরবানে ২,৭০০ রোগী পেলো ফ্রি চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য উঃ কে এস মং-এর উদ্যোগে বান্দরবান সদর উপজেলায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

"সুস্থ চোখ, সুন্দর জীবন" প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৪ জুলাই) সদর উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের রেইছা উচ্চবিদ্যালয় মাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এর উদ্দেশ্য ছিল প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া।

সকাল ৮টা থেকে শুরু হওয়া ক্যাম্পে চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. মাহফারা লাজিম ইজমাউ ও ডা. আশফিকার নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল টিম চক্ষু চিকিৎসাসেবা প্রদান করেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, ক্যাম্পে প্রায় ১ হাজার ৮৮০ জন রোগী চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ৪৭০ জনের চোখে ছানি শনাক্ত হয়। এছাড়া রোগীদের বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

আয়োজক কমিটি জানায়, চক্ষু পরীক্ষায় যাদের ছানি অপারেশনের প্রয়োজন হয়েছে, তাদের পরবর্তীতে সম্পূর্ণ বিনামূল্যে চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।

এদিকে ডা. মং উষাথোয়াই ও ডা. পু চ নু-এর নেতৃত্বে ৫ সদস্যের আরেকটি মেডিকেল টিম সাধারণ স্বাস্থ্যসেবা প্রদান করেন। এ সময় বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন বিশিষ্ট চলচ্চিত্রকার, লেখক, কবি ও চিকিৎসক ডা. উঃ মং উষাথোয়াই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য উঃ কে এস মং। সভাপতিত্ব করেন সমাজকর্মী উঃ উছোমং মার্মা।

বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসাহ্লা মার্মার সহযোগিতায় ক্যাম্পটি আয়োজন করা হয়। আয়োজক কমিটির সভাপতি উঃ উছোমং মার্মার নেতৃত্বে সদস্য বাবুল খাঁন, প্রকৃতি বড়ুয়া, মো. সাইফুল ও মো. মান্নান সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।

এছাড়া সদর উপজেলার বাকি ৫টি ইউনিয়নের চেয়ারম্যান ক্যাঅংপ্রু মার্মা, মংপু মার্মা, উক্যনু মার্মা, মাংয়াং ম্রো প্রদীপ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেমপ্রু মার্মা ক্যাম্পের আয়োজনে সার্বিক সহযোগিতা করেন।

কালের সমাজ/এসআর

Link copied!