ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

সব জল্পনা-কল্পনার অবসান

বিনোদন ডেস্ক | জুলাই ৪, ২০২৬, ০১:১৮ পিএম সব জল্পনা-কল্পনার অবসান

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করলেন মার্কিন পপতারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি। নিউইয়র্ক সিটির ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে শুক্রবার (৩ জুলাই) জাঁকজমকপূর্ণ আয়োজনে তাদের বিয়ে হয়। দুই তারকার বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের শুভেচ্ছা জানাচ্ছেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়, টেইলর সুইফটের মুখপাত্র এক বিবৃতিতে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করান জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী অ্যাডাম স্যান্ডলার। টেইলরের ভাই অস্টিন সুইফট ছিলেন ‘ম্যান অব অনার’, আর ট্রাভিসের ভাই ও সাবেক এনএফএল খেলোয়াড় জেসন কেলসি ছিলেন ‘বেস্ট ম্যান’। তবে প্রচলিত নিয়মে কোনো ব্রাইডসমেইড বা গ্রুমসম্যান রাখা হয়নি।

বিয়ের পর ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে থাকা বিশাল ডিজিটাল স্ক্রিনে ভেসে ওঠে  ‘জাস্ট টি অ্যান্ড টি ম্যারিড ’ বার্তা, যা উপস্থিত ভক্তদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেয়। বিয়ের পোশাকে ছিল বিলাসিতার ছোঁয়া। টেইলর ও ট্রাভিস দুজনই পরেছিলেন ক্রিশ্চিয়ান ডিওর-এর কাস্টম কৌচার, যার নকশা করেছেন জোনাথন অ্যান্ডারসন। টেইলরের গয়না ছিল কার্টিয়ার-এর, আর পায়ে ছিল ক্রিশ্চিয়ান লুবুতাঁ-এর জুতা। উল্লেখ্য, তার বিশ্বব্যাপী ‘এরাস ট্যুর’-এও লুবুতাঁর ডিজাইন করা জুতা পরেছিলেন এই গায়িকা।

Taylor Swift and Travis Kelce married on Friday in a spectacular ceremony in Madison Square Garden

এই বিয়েতে উপস্থিত ছিলেন এড শিরান, গিগি হাদিদ, ব্র্যাডলি কুপার, হিউ গ্রান্ট, ইথান হক, লেনা ডানহাম, সংগীত প্রযোজক জ্যাক অ্যান্টোনফ, এনএফএল তারকা কুপার কাপ ও জুজু স্মিথ-শুস্টারসহ অনেকেই। এছাড়া টেইলরের দীর্ঘদিনের বন্ধু অ্যাবিগেইল অ্যান্ডারসন বেরার্ড ও জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কিংবদন্তি সংগীতশিল্পী স্টিভি নিকস অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

বিভিন্ন মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিয়েতে প্রায় এক হাজার অতিথি উপস্থিত ছিলেন। অতিথিদের জন্য মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। অনুষ্ঠান ঘিরে ম্যাডিসন স্কয়ার গার্ডেন ও আশপাশে ছিল কড়া নিরাপত্তা, অনেক সড়কও সাময়িকভাবে বন্ধ রাখা হয়। প্রসঙ্গত,  ট্রাভিস কেলসি যুক্তরাষ্ট্রে অন্যতম সফল ফুটবল খেলোয়াড়দের একজন। তিনি ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল)-এর হয়ে খেলেন।  ২০২৩ সালে প্রথমবার ট্রাভিস কেলসি টেইলর সুইফটের কনসার্ট দেখতে যান। এরপর শুরু হয় তাদের প্রেমের গুঞ্জন। প্রায় সময় তাদের একসঙ্গে দেখা যেত। আর অবশেষে বিয়ে করলেন এই জনপ্রিয় তারকা দুজন।

কালের সমাজ/এসআর

Link copied!