বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ইউরোপের দেশ নরওয়ের বিপক্ষে মাঠে নামার ঠিক আগমুহূর্তে বড় দুঃসংবাদ পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চোটের কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচ থেকে ছিটকে গেছেন দলের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডার লুকাস পাকেতা। বার্তা সংস্থা এএফপি বিষয়টি নিশ্চিত করেছে।
জাপানের বিপক্ষে রাউন্ড অব ৩২ এর ম্যাচে মাঠে থাকা অবস্থায় চোট পেয়েছিলেন পাকেতা। যার ফলে ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে তাকে আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছিল, নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে হয়তো তিনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু শেষ পর্যন্ত সেই চোটই তাকে শেষ ষোলোর লড়াই থেকে দূরে সরিয়ে দিল।
পাকেতার অনুপস্থিতিতে ব্রাজিলের মাঝমাঠের ভারসাম্য নিয়ে এখন নতুন করে ভাবতে হচ্ছে কোচ কার্লো আনচেলত্তিকে। পাকেতা দলের আক্রমণ ও রক্ষণভাগের মধ্যে সেতুবন্ধন হিসেবে দারুণ কাজ করছিলেন। তার অনুপস্থিতিতে নরওয়ের শক্তিশালী মিডফিল্ডের বিপক্ষে কে দায়িত্ব নেবেন, সেটিই এখন বড় প্রশ্ন।
ব্রাজিল ও নরওয়ের মধ্যকার হাই-ভোল্টেজ এই ম্যাচটি আগামী রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নেইমার জুনিয়রকে পুরো ৯০ মিনিট পাওয়ার সুখবর পেলেও, পাকেতার অভাব সেলেসাওদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
কালের সমাজ/এসআর

