ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য হলেন সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা

মুকসুদপুর প্রতিনিধি, গোপালগঞ্জ | জুলাই ৯, ২০২৬, ০৭:৫৫ পিএম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য হলেন সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা

সৃজনশীল মানুষদের যথাযথ মূল্যায়ন একটি দেশের শিল্প-সংস্কৃতির বিকাশকে ত্বরান্বিত করে। সেই ধারাবাহিকতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন লেখক, সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা।

দীর্ঘদিন ধরে সাহিত্য, সাংবাদিকতা, গবেষণা ও সংস্কৃতিচর্চায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। সমাজ, রাষ্ট্র, ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংস্কৃতি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে তাঁর লেখালেখি এবং বিশ্লেষণ পাঠকমহলে সমাদৃত। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ তাঁকে একজন সৃজনশীল ও প্রজ্ঞাবান ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ফলে তাঁর এই মনোনয়নকে সাংস্কৃতিক অঙ্গনে একটি তাৎপর্যপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এর সহধর্মিণী।

বর্তমান সময়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি সমাজের বাস্তবতা, মানবিক সংকট, ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের জীবনসংগ্রামকে সংক্ষিপ্ত অথচ শক্তিশালী শিল্পভাষায় তুলে ধরার একটি কার্যকর মাধ্যম। নতুন নির্মাতাদের উৎসাহিত করা, সৃজনশীল চলচ্চিত্র নির্মাণে সহায়তা প্রদান এবং আন্তর্জাতিক মানের চলচ্চিত্র তৈরিতে সরকারি অনুদান কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, অনুদান কমিটিতে সাবরিনা বিনতে আহমেদ শুভ্রার অন্তর্ভুক্তি এই কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।

মনোনয়নের খবর প্রকাশের পর গোপালগঞ্জের মুকসুদপুরসহ দেশের বিভিন্ন সাহিত্য, সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের সাড়া পড়েছে। শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, শিক্ষাবিদ, সাংবাদিক, লেখক এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে শুভকামনা জানিয়ে অসংখ্য বার্তা প্রকাশিত হয়েছে।

সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনদের মতে, তাঁর সৃজনশীল চিন্তাশক্তি, সাংগঠনিক দক্ষতা, গবেষণাভিত্তিক দৃষ্টিভঙ্গি এবং শিল্প-সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বিশেষ ভূমিকা রাখবে। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে দেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং নবীন নির্মাতারা আরও বেশি উৎসাহ ও প্রেরণা লাভ করবেন।

দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে নতুন এই দায়িত্বে সাবরিনা বিনতে আহমেদ শুভ্রার সফলতা কামনা করেছেন তাঁর শুভানুধ্যায়ীরা। তাঁদের বিশ্বাস, তাঁর অভিজ্ঞতা, সৃজনশীল নেতৃত্ব ও সাংস্কৃতিক দূরদর্শিতা বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছে দিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

কালের সমাজ/কে.পি

Link copied!