ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ফাঁস,তদন্তে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক | জুলাই ৯, ২০২৬, ১০:১৯ পিএম প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ফাঁস,তদন্তে কমিটি গঠন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়ের আগে অনলাইনে প্রকাশ হয়ে যাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিলকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন উপবৃত্তি বিভাগের শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল কবির সুমন এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রশাসন-২ শাখার সহকারী পরিচালক মোছা. রোখসানা হায়দার।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিন স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল গত বুধবার (৮ জুলাই) চূড়ান্ত করা হয়। পরে ফলাফল ওয়েব পোর্টালে প্রকাশের জন্য প্রয়োজনীয় লিংক তৈরির দায়িত্ব দেওয়া হয় সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মোহতাব কায়েসকে। একই সঙ্গে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের আগে ফলাফল অনলাইনে প্রকাশ না করার নির্দেশনাও দেওয়া হয়েছিল।

তবে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা বিভাগের নয়টি জেলার ফলাফল সংশ্লিষ্ট লিংকের মাধ্যমে অনলাইনে আপলোড হয়ে যায়। অল্প সময়ের জন্য লিংকগুলো সক্রিয় থাকায় অনেক ব্যবহারকারী ফলাফল ডাউনলোড করেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় অনুমতি ছাড়া ফলাফল প্রকাশের কারণ ও দায় নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ঘটনার সার্বিক তদন্ত শেষে তিন কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

 

কালের সমাজ/কে.পি

 

Link copied!