আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ৩১ আগস্ট হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ইতোমধ্যে দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং নিবন্ধন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
ইসির সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা আইন, ২০০৯-এর ধারা ৩(জ) অনুযায়ী যোগ্যতা অর্জনের তারিখ হিসেবে ৩১ জুলাই ২০০৮ নির্ধারণ করা হয়েছে।
এ সিদ্ধান্ত অনুযায়ী, যাদের জন্ম ৩১ জুলাই ২০০৮ বা তার আগে এবং যারা ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত ভোটার ডেটাবেইজে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাদের নাম হালনাগাদকৃত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
এ লক্ষ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, দাবি-আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ, আবেদন নিষ্পত্তি এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সূচি কমিশন অনুমোদন করেছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠপর্যায়ে সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তাদের কাছে লিংক পাঠানোর শেষ তারিখ ৪ আগস্ট।
খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৯ আগস্ট। দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৪ আগস্ট। এসব আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ২৭ আগস্ট এবং গৃহীত সিদ্ধান্ত ডেটাবেইজে সন্নিবেশের শেষ তারিখ ২৮ আগস্ট। সব প্রক্রিয়া শেষে ৩১ আগস্ট প্রকাশ করা হবে হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা।
চিঠিতে আরও বলা হয়েছে, এ কার্যক্রম চলাকালে মুদ্রিত খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখতে হবে।
একই সঙ্গে ভুলত্রুটি সংশোধনের আবেদন গ্রহণের বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে নামাজ বা প্রার্থনার আগে কিংবা পরে ঘোষণা দেওয়ার ব্যবস্থা করতে হবে।
পাশাপাশি স্থানীয় সাংবাদিক ও কেবল অপারেটরদের মাধ্যমে জনস্বার্থে বিষয়টি ব্যাপকভাবে প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে।
কালের সমাজ/এএইচবি

