ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের শ্রামপুটি তালপট্টি বাজারের পাকা রাস্তা থেকে শ্রামপুটি দক্ষিণপাড়া হাসমত শিকদারের বাড়ি পর্যন্ত প্রায় এক-চতুর্থাংশ কিলোমিটার (কোয়ার্টার কিলোমিটার) কাঁচা মাটির রাস্তা দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে।
স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও রাস্তাটি পাকাকরণ না হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদাময় ও পিচ্ছিল হয়ে পড়ে। তখন হেঁটে চলাচল করাও অত্যন্ত কষ্টকর হয়ে যায়। স্কুল-কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগী, কৃষক, চাকরিজীবীসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এলাকাবাসী জানান, এই সড়কটি দিয়ে প্রতিদিন হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারি-বেসরকারি অফিস-আদালতে যাতায়াত করতে হয়। কিন্তু রাস্তা কাঁচা হওয়ায় বর্ষা মৌসুমে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। জরুরি প্রয়োজনে রোগী হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে।
এলাকাবাসী অনে বলেন, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার রাস্তা পাকাকরণের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে স্বাধীনতার এত বছর পরও মৌলিক যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন তারা।
এলাকাবাসী দ্রুত শ্রামপুটি তালপট্টি বাজারের পাকা রাস্তা থেকে শ্রামপুটি দক্ষিণপাড়া হাসমত শিকদারের বাড়ি পর্যন্ত প্রায় কোয়ার্টার কিলোমিটার সড়কটি পাকাকরণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, রাস্তাটি পাকাকরণ করা হলে কয়েকটি গ্রামের হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
কালের সমাজ/কে.পি

