মানিকগঞ্জের শিবালয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. হেলাল উদ্দিন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের ধুতরাবাড়ি এলাকায় বিআইডব্লিউটিএ`র টোলঘরের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হেলাল উদ্দিন কক্সবাজারের চকরিয়া উপজেলার সাইরাখালী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. সৈয়দ বাদশা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২০টি নীল রঙের পলিপ্যাকে রাখা ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
কালের সমাজ/কে.পি

