পাঁচ বছর বয়সী শিশু সাদিকুন্নাহার সাফাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত আসামী জামায়াত কর্মী মোবারক হোসেন এর গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ঈশ্বরদী। অভিযুক্ত আসামী জামায়াত কর্মী মোবারক হোসেন এর বিচার ও গ্রেপ্তারের দাবিতে প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে এলাকাবাসী। রবিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের রেলগেট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এলাকাবাসী পক্ষে এ আল্টিমেটাম দিয়েছেন বক্তারা। মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জানা গেছে, গত ১৯ অক্টোবর বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে কৌশলে মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি লিচুবাগানে নিয়ে যান মোবারক হোসেন। সেখানে শিশুটির পোশাক খুলে ধর্ষণের চেষ্টা করা হলে তার চিৎকার ও কান্নাকাটিতে তিনি তাকে ছেড়ে দেন। পরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায়। এ ঘটনায় শিশুটির বাবা আমিরুল ইসলাম বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পাঁচ বছর বয়সী একটি শিশুর সঙ্গে এমন ন্যক্কারজনক ঘটনার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টার ঘটনায় মোবারক হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তাঁরা। ঘটনার পর থেকে তিনি পলাতক থাকলেও এখন পর্যন্ত পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি বলে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তাঁরা অভিযোগ করেন, মোবারক হোসেন জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটিয়ে যেন কোনোভাবেই অপরাধের দায় এড়াতে না পারেন, তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা। এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন বক্তারা। নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা। একই সঙ্গে তাঁকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন শিশুটির বাবা আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহনাজ পারভীন মাহফুজা, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, রুহুল আমীন বাবলু, বিপ্লব হোসেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাফরুহা পারভীন চামেলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হেদায়াতুল ইসলাম অনিক এবং জেলা কৃষক দলের সহ-অর্থ সম্পাদক আবু তালেব জোয়ার্দ্দার প্রমূখ।
এ বিষয়ে জানতে ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামাণিকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কালের সমাজ/কে.পি

