ঐতিহ্যবাহী ময়মনসিংহ জুট মিলস্ আদর্শ বিদ্যাপীঠের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক কামরুজ্জামান মিন্টু।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ কর্তৃক মনোনীত হন তিনি। বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.জ.ম. রেজাউল করিম খানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক মুহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন করা হয়।
কামরুজ্জামান মিন্টু ঐতিহ্যবাহী ময়মনসিংহ প্রেসক্লাবের সদস্য, ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং চ্যানেল নাইন, নিউ এজ, এশিয়া পোস্ট ও দৈনিক খবরের কাগজ পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।
কমিটিতে সভাপতি ছাড়াও সাধারণ শিক্ষক সদস্য পদে দেবদুলাল চন্দ্র খাজাঞ্চী ও অভিভাবক সদস্য হয়েছেন মো. কালা মিয়া।
এডহক কমিটির সভাপতি কামরুজ্জামান মিন্টু বলেন, আমার কাছে এই দায়িত্ব একটি পবিত্র আমানত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিদ্যালয়কে এগিয়ে নেওয়া সম্ভব। এ লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, এলাকাবাসী এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও মূল্যবান পরামর্শ কামনা করছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম বলেন, নতুন কমিটিকে অভিনন্দন জানাচ্ছি। নিশ্চয়ই যথাসময়ে ম্যানেজিং কমিটি গঠন হবে। বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা প্রয়োজন।
ময়মনসিংহ জুট মিলস্ আদর্শ বিদ্যাপীঠ ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টির প্রাক্তন অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ের কর্মকর্তা হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। এছাড়া বিভিন্ন কর্মক্ষেত্রে প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই তাদের যোগ্যতায় কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
কালের সমাজ/কে.পি

