কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরের বেগম নূরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা শৃঙ্খলাবোধ ও নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে এ বছর অনুষ্ঠানটি সীমিত পরিসরে আয়োজন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরুন্নবী এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান।
আলোচনা পর্ব শেষে অতিথিবৃন্দ বিদ্যালয়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :