ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

নওগাঁয় ৬ ককটেল ও ৪ পেট্রোল বোমা উদ্ধার

জেলা প্রতিনিধি, নওগাঁ | ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৭:৪১ পিএম নওগাঁয়  ৬ ককটেল ও ৪ পেট্রোল বোমা উদ্ধার

নওগাঁর বদলগাছী উপজেলার ঝাড়গড়িয়া এলাকায় একটি মুদি দোকানের সামনে থেকে ছয়টি ককটেল ও চারটি পেট্রোল বোমা উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (ভোরে) এসব বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বদলগাছী-আক্কেলপুর সড়কের পাশে একটি মুদি দোকানের পেছনে বস্তাবন্দি অবস্থায় ছয়টি বোতল ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সকালে দোকান খুলতে এসে ব্যবসায়ী সম্পদ সরদার বস্তাটি পড়ে থাকতে দেখে সন্দেহ হলে আইন-শৃঙ্খলা বাহিনীকে খবর দেন।

খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ও জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে ছয়টি ককটেল, চারটি পেট্রোল বোমা এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন।

এ সময় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা এলাকাটি ঘিরে রাখেন। পরে উদ্ধার করা বিস্ফোরকগুলো নিরাপদ স্থানে নিয়ে ডেটোনেটরের মাধ্যমে ধ্বংস করা হয়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান জানান, ‘আগামীকাল ভোটকে ঘিরে নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব বিস্ফোরক সড়কের পাশে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Side banner
Link copied!