ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

১৬৩ ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায়, শ্রীমঙ্গল ৮৭ ও কমলগঞ্জে ৭৬টি

শ্রীমঙ্গল, মৌলভীবাজার প্রতিনিধি | ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১০:৪৩ পিএম ১৬৩ ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায়, শ্রীমঙ্গল ৮৭ ও কমলগঞ্জে ৭৬টি

জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-৪ আসন। এ আসনে রয়েছে দুই উপজেলায় ২টি পৌরসভা এবং ১৮টি ইউনিয়ন (শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন ও কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন)।

আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৮৭ হাজার ৮৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৪৬ হাজার ১৯৭ জন, মহিলা ভোটার ২ লক্ষ ৪১ হাজার ৬৮৯ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ২ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে দুই উপজেলায় ১৬৩টি স্থায়ী ভোটকেন্দ্রে ৯৩৯টি ভোটকক্ষে (৮৯৮টি স্থায়ী ও ৪১টি অস্থায়ী) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬। এবারের নির্বাচনে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। এ আসনে সুষ্ঠু সুন্দর ও অবাধ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ভোটারদের নিরাপত্তা ও ভোটের  স্বচ্ছতা নিশ্চিত করতে সিসি ক্যামেরার পাশাপাশি কড়া  নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ প্রশাসন সুত্রে জানা গেছে, দুই উপজেলার মোট ১৬৩টি ভোটকেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।  সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে শ্রীমঙ্গলের ৮৭টি ও কমলগঞ্জের ৭৬টি ভোটকেন্দ্রের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।


কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আসাদুজ্জামান বলেন, ভোটারদের নিরাপত্তা এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। ইতোমধ্যে কমলগঞ্জের ৭৬টি ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা স্থাপনে করা হয়েছে। এর মাধ্যমে কেন্দ্রগুলোতে সার্বিক পরিস্থিতি সার্ক্ষণিক নজরদারির মধ্যে থাকবে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইসলাম উদ্দিন জানান, ভোটগ্রহণের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসা নিশ্চিত করতে শ্রীমঙ্গল উপজেলার ৮৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৮৭টিতেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।


এর মাধ্যমে কন্ট্রোল রুম থেকে সরাসরি প্রতিটি কেন্দ্রের ভেতরের ও বাইরের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। কোনো ধরনের অনিয়ম বা গোলযোগের চেষ্টা করা হলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে প্রশাসন।
 

Side banner
Link copied!