ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

শীতের সবজিতে বাজার ভরপুর, তবুও কমছে না দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক | নভেম্বর ১৩, ২০২৬, ১২:৪৩ পিএম শীতের সবজিতে বাজার ভরপুর, তবুও কমছে না দাম

অন্যান্য ঋতুর তুলনায় শীতকালে বাজারে তাজা ও নানা ধরনের সবজির প্রাচুর্য দেখা যায়। পুষ্টিগুণে সমৃদ্ধ এসব সবজি কিনতে ক্রেতাদের মধ্যেও বাড়তি আগ্রহ থাকে। তবে শীতের শুরুতে নতুন সবজির আমদানি হওয়ায় দাম কিছুটা চড়া থাকে। ফলে বাজারে বৈচিত্র্য বাড়লেও স্বস্তি ফিরছে না ক্রেতাদের পকেটে।

বর্তমানে বাজারে প্রতি পিস ফুলকপি কিনতে খরচ করতে হচ্ছে ৪০ টাকা। বিভিন্ন জাতের বেগুনের মধ্যে বড় আকারের তাল বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৯০ টাকায়। মাঝারি মানের এক হালি লেবুর দাম পড়ছে ৬০ টাকার বেশি। প্রতিটি লাউ কিনতে গুনতে হচ্ছে ৭০ টাকা। তবে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়।

বছরের অন্যান্য সময়ের তুলনায় কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে সবজির দাম। তারপরও অনেক ক্রেতার অভিযোগ, অধিকাংশ সবজিই এখনো তাদের ক্রয়ক্ষমতার মধ্যে আসেনি। বাজারে সরবরাহ বাড়ার পরও প্রত্যাশিত হারে দাম কমছে না কেন, তা নিয়েও প্রশ্ন তুলছেন তারা।

খুচরা বিক্রেতাদের মতে, দীর্ঘদিন ধরে চলে আসা হাতবদলের প্রথা সবজির দাম বাড়ার অন্যতম কারণ। উৎপাদন পর্যায় থেকে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত একাধিকবার হাতবদলের কারণে প্রতিটি ধাপে বাড়ছে পণ্যের মূল্য। পাশাপাশি উৎপাদন ও পরিবহন ব্যয় বৃদ্ধিও বাজারদরে প্রভাব ফেলছে।

বিক্রেতারা জানান, সার, বীজ, কীটনাশক ও সেচের খরচ বেড়ে যাওয়ায় কৃষকের উৎপাদন ব্যয় আগের তুলনায় বেশি হচ্ছে। অন্যদিকে পরিবহন খরচ বৃদ্ধির চাপও যুক্ত হচ্ছে সবজির দামের সঙ্গে। ফলে বাজারে সরবরাহ বাড়লেও ক্রেতারা কাঙ্ক্ষিত দামে সবজি কিনতে পারছেন না।

এদিকে বাজারে এখনো বেশ কয়েকটি সবজির দাম শতকের ঘর ছুঁয়েছে। টমেটো, করলা ও নতুন আলু রয়েছে তুলনামূলক বেশি দামের তালিকায়। তবে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি পেলে সবজির দাম কমতে পারে বলে আশা করছেন বিক্রেতারা।

 

কালের সমাজ/ওজি

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!