ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

এলপি গ্যাস আমদানির অনুমতি পেল বিপিসি

নিজস্ব প্রতিবেদক | জানুয়ারি ১৯, ২০২৬, ০১:০০ পিএম এলপি গ্যাস আমদানির অনুমতি পেল বিপিসি

দেশে চলমান এলপিজি সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির অনুমতি পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সরকারের এই সিদ্ধান্তের ফলে বাজারে সরবরাহ বাড়বে এবং দামে স্থিতিশীলতা ফিরবে বলে আশা করা হচ্ছে।
রোববার (১৮ জানুয়ারি) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, বিপিসিকে এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে। ইতোমধ্যে আমদানি প্রক্রিয়া শুরু করার জন্য বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসানকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে এলপিজি আনার উদ্যোগ নেওয়া হবে।


উপদেষ্টা জানান, বিপিসি আমদানির কাজে যুক্ত হলেও আপাতত সংরক্ষণ, বোতলজাতকরণ ও বিতরণ কার্যক্রমে সরাসরি যুক্ত হচ্ছে না সরকার। এসব কার্যক্রম বেসরকারি অপারেটরদের মাধ্যমেই পরিচালিত হবে 
এর আগে গত ১০ জানুয়ারি এলপিজি আমদানির অনুমতি চেয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের কাছে চিঠি দেয় বিপিসি। চিঠিতে উল্লেখ করা হয়, দেশের এলপিজি বাজার সম্পূর্ণভাবে বেসরকারি খাতনির্ভর হওয়ায় সংকটকালে সরকার কার্যকরভাবে হস্তক্ষেপ করতে পারে না। ফলে সরবরাহ ঘাটতি কিংবা কৃত্রিম সংকট তৈরি হলেও তা মোকাবিলার জন্য সরকারের হাতে পর্যাপ্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই।


নীতিগত অনুমোদন পেলে বিপিসি জিটুজি ভিত্তিতে এলপিজি আমদানি করে বেসরকারি অপারেটরদের মাধ্যমে দ্রুত বাজারে ছাড়বে— এমন প্রস্তাবও চিঠিতে তুলে ধরা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই সংস্থাটিকে আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে এলপিজি সংকটের সুযোগ নিয়ে বাজারে নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে গ্যাস বিক্রি হচ্ছে। সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, ১২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকায়, যা সরকারি নির্ধারিত দামের চেয়ে ৭০০ থেকে ১ হাজার ২০০ টাকা বেশি।

 

অন্যদিকে ৩৫ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে অতিরিক্ত নেওয়া হচ্ছে সর্বোচ্চ ১ হাজার ৭০০ টাকা পর্যন্ত।
এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় সাড়ে ৫ কোটি এলপিজি সিলিন্ডার রয়েছে। এর মধ্যে প্রতি মাসে গড়ে সোয়া কোটি সিলিন্ডার দুই দফায় রিফিল হয়। এই হিসাবে প্রতি সিলিন্ডারে গড়ে এক হাজার টাকা অতিরিক্ত নেওয়া হলে মাসে ভোক্তাদের কাছ থেকে আদায় হচ্ছে প্রায় আড়াই হাজার কোটি টাকা। সরকারি উদ্যোগে বিপিসির আমদানি কার্যক্রম শুরু হলে এই অস্বাভাবিক পরিস্থিতির অবসান ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


 

Link copied!