‘‘Don`t Miss a Beat- একটি হৃদস্পন্দন যেন মিস না হয়’’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ইসলামী ব্যাংক হাসপাতাল, মতিঝিল শাখার উদ্যোগে।
২৯ সেপ্টেম্বর মঙ্গলবার দিবসটি উপলক্ষ্যে হাসপাতালের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে হাসপাতালের ১ নং ভবন থেকে একটি র্যালি বের হয়ে নতুন কমলাপুর ভবনে গিয়ে শেষ হয়। র্যালিতে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
র্যালি শেষে কমলাপুর ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের পরিচালক ডা. মো. হারুন অর রশিদের সভাপতিত্বে সভায় ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজার মো. শাহজাহান ও ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিল শাখার চিফ প্রশাসনিক কর্মকর্তা মো. আল-আমিন এবং প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ ফাউন্ডেশন ও হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সবায় আমন্ত্রিত অতিথি বক্তারা বলেন, হৃদরোগ এখন দেশে অকালমৃত্যুর অন্যতম প্রধান কারণ। অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও শারীরিক পরিশ্রমের অভাব এ ঝুঁকি বাড়াচ্ছে। তাঁরা নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্যগ্রহণ, ধূমপান ও তামাক পরিহার, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ওপর গুরুত্ব দেন।
বক্তারা আরও বলেন, বুকে ব্যথা বা চাপ, শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম ও বুক ধড়ফড় করার মতো লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সময়মতো চিকিৎসা নিলে অনেক ক্ষেত্রে জটিলতা ও প্রাণহানি এড়ানো সম্ভব। এ প্রেক্ষাপটে এ বছরের প্রতিপাদ্য "Don`t Miss a Beat" মানুষকে হৃদ্স্বাস্থ্যের প্রতি সময়মতো যত্নবান হওয়ার আহ্বান জানায়।
সভাপতির বক্তব্যে ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিল শাখার পরিচালক ডা. মো. হারুন অর রশিদ বলেন, খুব শিগগিরই হাসপাতালের কমলাপুর ভবন চালু হচ্ছে। এই ভবনে আধুনিক ও উন্নত চিকিৎসা সুবিধা থাকবে। নান্দনিক নকশায় ও ব্যাপক পরিসরে নির্মিত এই ভবনে এক ছাদের নিচেই সব ধরনের সেবা পাওয়া যাবে। আন্তর্জাতিক হার্ট দিবস উপলক্ষ্যে হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প চালু করা হয়েছে, যেখানে সাধারণ মানুষ সেবা নিতে পারছেন। সাশ্রয়ী ও মানসম্মত হৃদরোগ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
সবশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
কালের সমাজ/এসআর

