ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

বিয়ে থেকে নিস্তার পেতে তরুণীর কাণ্ড!

কালের সমাজ ডেস্ক | জুলাই ১৪, ২০২৬, ০২:৪১ পিএম বিয়ে থেকে নিস্তার পেতে তরুণীর কাণ্ড!

বিয়ে নিয়ে পরিবারের চাপ নতুন কোনো বিষয় নয়। বিশেষ করে দক্ষিণ এশিয়ার সমাজে একটি নির্দিষ্ট বয়সের পর অনেক তরুণীকে বিয়ের জন্য পরিবারের পক্ষ থেকে চাপের মুখে পড়তে হয়। এমনই এক ঘটনার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এক তরুণীর ভিডিও, যেখানে তাকে মাথা ন্যাড়া করতে দেখা গেছে। 

তবে ভিডিওটির সত্যতা বা এর পেছনের প্রকৃত কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, লাল রঙের পোশাক পরা এক তরুণী শান্তভাবে বসে আছেন। একজন নাপিত তার মাথার চুল কামিয়ে দিচ্ছেন। পুরো সময়জুড়ে তরুণীর মুখে ছিল মৃদু হাসি। কোলের ওপর রাখা সাদা কাপড়ের ওপর পড়ছিল কাটা চুল। ভিডিওতে লেখা ছিল, মা আমার বিয়ে ঠিক করেছিলেন।

ভিডিওটি দেখে অনেকেই ধারণা করছেন, পরিবারের নির্ধারিত বিয়ে ঠেকাতেই তরুণী এমন পদক্ষেপ নিয়েছেন। তবে ভিডিওতে কিংবা পোস্টে তিনি নিজে কোথাও স্পষ্ট করে বলেননি যে, বিয়ে এড়ানোর উদ্দেশ্যেই তিনি মাথা কামিয়েছেন।

এছাড়া তরুণীর পরিচয়, তিনি কোন অঞ্চলের বাসিন্দা কিংবা ঘটনার পর তার পরিবারের প্রতিক্রিয়া এসব বিষয়েও কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

ভিডিওটি ‘কীর্তনা.মেনন’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। এটি ইতোমধ্যে প্রায় আড়াই কোটি বার দেখা হয়েছে। ভিডিওটিতে চার লাখের কাছাকাছি লাইক এবং প্রায় ছয় হাজার মন্তব্য জমা পড়েছে।

মন্তব্যে কেউ তরুণীর সাহসের প্রশংসা করে একে নারীর স্বাধীনতার প্রতীক হিসেবে দেখছেন। আবার অনেকে প্রশ্ন তুলেছেন, এটি আদৌ বিয়ে ঠেকানোর ঘটনা কি না। তাদের মতে, ভারতের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় মানত বা আচার পালনের অংশ হিসেবে মাথার চুল উৎসর্গ করার প্রচলন রয়েছে। তাই ভিডিওটির সঙ্গে বিয়ের বিষয়টি কতটা সম্পর্কিত, তা নিশ্চিত হওয়ার মতো পর্যাপ্ত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।

উল্লেখ্য, ভাইরাল ভিডিওটির দাবির স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি। তাই বিয়ে ঠেকানোর উদ্দেশ্যেই তরুণী মাথা ন্যাড়া করেছেন এমন দাবি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

কালের সমাজ/এসআর

Link copied!