ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

যুদ্ধ বন্ধ না করার জন্য জেলেনস্কিকে দুষলেন ট্রাম্প

কালের সমাজ ডেস্ক | অক্টোবর ১৯, ২০২৬, ১১:৩৪ এএম যুদ্ধ বন্ধ না করার জন্য জেলেনস্কিকে দুষলেন ট্রাম্প

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা চালিয়ে যেতে রাশিয়াকে আলোচনার টেবিলে রাখা জরুরি। একই সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে যুদ্ধ বন্ধে অনিচ্ছার অভিযোগ তুলেছেন তিনি। খবর আল জাজিরার।

রোববার (১৮ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন। রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েক দিন আগে সেগুলো আটকে দেয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আলোচনা চলছে। এমন কিছু করতে চান না, যাতে রাশিয়া আলোচনার টেবিল ছেড়ে চলে যায়।

ট্রাম্পের এ সিদ্ধান্ত নিয়ে গত এক সপ্তাহে তার সঙ্গে জেলেনস্কির কূটনৈতিক টানাপোড়েন বেড়েছে।

জেলেনস্কি রোববার এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করা ইউক্রেনের ক্ষতি করবে এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ পরিচালনার সক্ষমতা বাড়াবে।

তিনি বলেন, ‘আমাকে ও পুতিনকে এক করে দেখা যায় না। তিনি আগ্রাসী। তিনি আমাদের ভূখণ্ড দখল করেছেন। তার সেনারা প্রাপ্তবয়স্ক ও শিশুদের হত্যা করেছে।’

এদিকে ট্রাম্প অভিযোগ করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধ করতে চান না। রাশিয়ার ডিজেল শোধনাগারে ইউক্রেনের হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব হামলা বিশ্ববাজারে ডিজেল সরবরাহে গুরুতর প্রভাব ফেলছে।

ট্রাম্প আরও লেখেন, ইউরোপের কাছ থেকে বিপুল অর্থ সহায়তা পেলেও জেলেনস্কি যুদ্ধ শেষ করতে চান না, এমনকি সম্ভবত কখনোই চাননি।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নেয়া হলেও সংঘাত অব্যাহত রয়েছে।

কালের সমাজ/এসআর

Link copied!