ঢাকা সোমবার, ০১ জুন, ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | জুন ১, ২০২৬, ০৪:০৯ পিএম বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, বৈশ্বিক বাজারে তেলের দাম কমে এলে দেশীয় বাজারেও দ্রুত মূল্য সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (১ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রক্রিয়া রয়েছে। তবে এপ্রিল মাসে সমন্বয় করা হওয়ায় মে মাসে নতুন করে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারের প্রভাব বিবেচনায় নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার সবসময় চেষ্টা করেছে সাধারণ মানুষের ওপর চাপ কম রাখতে। বিশেষ করে সবচেয়ে বেশি ব্যবহৃত ডিজেলের ক্ষেত্রে ভর্তুকি অব্যাহত রাখা হয়েছে। দেশের মোট জ্বালানি ব্যবহারের প্রায় ৬৬ শতাংশই ডিজেল হওয়ায় এ খাতে সরকারের ভর্তুকির পরিমাণও বেশি।

প্রতিমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রভাব এড়ানো সম্ভব হয়নি। ফলে কিছু ক্ষেত্রে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিতে হয়েছে।


জ্বালানি তেলের দাম আরও বাড়বে কি না—এমন প্রশ্নের জবাবে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার আশা করছে মধ্যপ্রাচ্যের সংকট দ্রুত সমাধানের পথে এগোবে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেলে দেশেও দ্রুত মূল্য কমানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, জনগণের অতীত অভিজ্ঞতা হয়তো সুখকর নয়, কারণ অনেক সময় দাম বাড়লেও কমার ক্ষেত্রে বিলম্ব হয়েছে। তবে বর্তমান সরকার জনগণের প্রতি দায়বদ্ধ। তাই বৈশ্বিক বাজারে মূল্য হ্রাস পেলে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, রোববার (৩১ মে) রাতে জারি করা প্রজ্ঞাপনে ডিজেলের দাম অপরিবর্তিত রেখে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়। নতুন মূল্য অনুযায়ী, অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ডিজেলের দাম আগের মতোই লিটারপ্রতি ১১৫ টাকা রাখা হয়েছে।

 

কালের সমাজ/ওজি

Link copied!