ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ১২, ২০২৬, ০৮:৪২ পিএম দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান

দুর্গাপূজায় বাংলাদেশের পদ্মা নদীর ইলিশের চাহিদা ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় বরাবরই বেশি থাকে। তাই আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে ইলিশ মাছের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন ভারতের মাছ আমদানিকারকরা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে পুনরায় ইলিশ রপ্তানির সুযোগ তৈরির আবেদন জানিয়েছে কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’। খবর এএনআইয়ের।

সংগঠনটির পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ১৯৯৬ সাল থেকে তারা বেনাপোল ও আখাউড়া স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে বাংলাদেশ থেকে নিয়মিত ইলিশ আমদানি করে আসছেন। তবে ২০১২ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করার পর থেকেই তারা এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন।

চিঠিতে আরও বলা হয়, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে মাত্র এক মাসের বিশেষ সময়সীমার জন্য ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হচ্ছে। তবে এ ব্যবস্থা ব্যবসায়িকভাবে কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে বলে দাবি করেছেন আমদানিকারকরা।

দুই বাংলার সংস্কৃতি, ভাষা ও রন্ধনশৈলীর অভিন্ন ঐতিহ্যের কথা উল্লেখ করে আমদানিকারকরা বলেন, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় পদ্মার ইলিশ অত্যন্ত জনপ্রিয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইলিশ রপ্তানির ওপর থেকে স্থায়ী নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের কাছে কৃতজ্ঞ থাকবে বলেও চিঠিতে আশা প্রকাশ করা হয়েছে।

 

কালের সমাজ/ওজি

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!