ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

আগামী ২৪ ঘণ্টায় যেসব এলাকায় ভারি বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ১২, ২০২৬, ০৮:৫৮ পিএম আগামী ২৪ ঘণ্টায় যেসব এলাকায় ভারি বৃষ্টির সম্ভাবনা

উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে সরে লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্র, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে। একই সময়ে রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলেও অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের কোথাও কোথাও এ সময় মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। বৃষ্টির সময় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে।

এদিকে, বৃষ্টির কারণে দেশের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

কালের সমাজ/ওজি

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!