ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

২ দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ১২, ২০২৬, ০২:৫৭ পিএম ২ দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী রোববার ও সোমবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ছাত্রদলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে শনিবার থেকে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মশার প্রজননস্থল ধ্বংস, সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরির উদ্দেশ্যে দুই দিনের বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে ১৩ ও ১৪ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেছেন।
.

কালের সমাজ/ওজি

Link copied!