ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদ গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

কালের সমাজ ডেস্ক | অক্টোবর ৭, ২০২৬, ০৪:৩৩ পিএম গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদ গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদ গণতন্ত্রের সৌন্দর্যকে বিকশিত করে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি গণতান্ত্রিক চর্চা ও বিকাশের পথে বাধা সৃষ্টি করে।
বুধবার (৭ অক্টোবর) সকালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম এনামুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন উপাচার্য অধ্যাপক ড. এম এনামুল্লাহ। তিনি জানান, বর্তমানে হাবিপ্রবিতে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন।


এ সময় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য ৬০০ কোটি টাকা সরকারি বরাদ্দের বিষয়টিও রাষ্ট্রপতিকে জানান উপাচার্য। পাশাপাশি শূন্য পদে শিক্ষক নিয়োগ, ছাত্রীদের আবাসন সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তিনি।

রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের এসব সমস্যা সমাধানে প্রতিনিধিদলকে সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে দেশের তুলনামূলকভাবে পিছিয়ে থাকা উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে হাবিপ্রবিকে শিক্ষার মান ধরে রাখার পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।


সাক্ষাৎকালে হাবিপ্রবির আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।


কালের সমাজ/কে.পি

Link copied!