রাজধানীতে যানবাহনে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন ও বিকন লাইট সংযোজন এবং ব্যবহার বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১ ডিসেম্বরের আগে এসব সরঞ্জাম নিজ দায়িত্বে খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর কোনো যানবাহনে এসব সরঞ্জাম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে চলাচলকারী কিছু যানবাহনে অনুমোদন ছাড়াই হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন এবং ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহারে তীব্র শব্দদূষণ সৃষ্টি হচ্ছে। এতে নগরবাসীর জনদুর্ভোগ বাড়ার পাশাপাশি সড়কে স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে।
এ ছাড়া অতিরিক্ত ও বিকট শব্দের কারণে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে বলেও উল্লেখ করেছে ডিএমপি।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট যানবাহনের মালিক ও চালকদের আগামী ১ ডিসেম্বরের আগে নিজ দায়িত্বে এসব অননুমোদিত সরঞ্জাম অপসারণ করতে হবে।
নির্ধারিত সময়ের পর কোনো যানবাহনে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন বা বিকন লাইট সংযোজিত অবস্থায় পাওয়া গেলে কিংবা এসব সরঞ্জাম ব্যবহার করতে দেখা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কালের সমাজ/কে.পি

