সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ অঞ্চলে নিরীহ বাংলাদেশি বেসামরিক নাগরিকদের প্রাণহানি অব্যাহত থাকা অত্যন্ত উদ্বেগজনক।
নিহত দুই বাংলাদেশি হলেন—কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসিন্দা বাচ্চু মিয়া এবং টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাসিন্দা মোশাররফ হোসেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন। নিহতদের মরদেহ দেশে পাঠানোর বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে।
বিবৃতিতে বলা হয়, নিরীহ মানুষের প্রাণহানি ঘটায় এমন সব ধরনের হামলার তীব্র নিন্দা জানায় বাংলাদেশ। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।
পরিস্থিতি দ্রুত প্রশমনে এবং প্রাণহানি রোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছে বাংলাদেশ সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

