ঢাকা শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

জামায়াতকে ‘দুঃখী দল’ বললেন ডা. শফিকুর রহমান

কালের সমাজ ডেস্ক | ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৮:৫৮ পিএম জামায়াতকে ‘দুঃখী দল’ বললেন ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভবিষ্যতে সুযোগ এলে প্রবাসীদের সরকারের অংশীদার করা হবে।

এবারের নির্বাচনী প্রক্রিয়ায় প্রবাসীদের ব্যাপক অংশগ্রহণ জামায়াতের দীর্ঘদিনের দাবিকে পূর্ণতা দিয়েছে উল্লেখ করে তিনি প্রবাসীদের রাষ্ট্র গঠনে সম্পৃক্ত করার এই ঘোষণা দেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান জামায়াতে ইসলামীকে ইতিহাসের একটি ‘দুঃখী দল’ হিসেবে অভিহিত করে বলেন, অসংখ্য মজলুমের চোখের পানি আজ জামায়াতকে এই অবস্থানে নিয়ে এসেছে। তিনি অত্যন্ত আবেগঘন কণ্ঠে জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া মায়েদের ত্যাগের কথা স্মরণ করেন।

তিনি বলেন, জুলাইয়ে যেসব মায়েরা ইজ্জত এবং জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নেমেছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতার সীমা নেই। আগামী দিনে নারীদের অধিকার বাস্তবায়নে জামায়াত অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

দেশের ভবিষ্যৎ নেতৃত্ব ও সংস্কার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘জাতির ভার আমাদের কাঁধে এলে আমরা দেশের সব মানুষকে পাশে চাই।’ বিশেষ করে জামায়াতের আগামী দিনের পথচলায় গণমাধ্যমকে সহযোগী হিসেবে প্রয়োজন। গণমাধ্যম দেশে চূড়ান্ত স্বাধীনতা উপভোগ করবে–এটাই জামায়াতের কাম্য বলে তিনি উল্লেখ করেন।

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশের সকল স্তরের মানুষকে সঙ্গে নিয়ে একটি ইনসাফ কায়েমের সমাজ গড়ার আহ্বান জানান তিনি।

Side banner
Link copied!