স্পেনের বিশ্বকাপ জয়ের পর দেয়া প্রতিশ্রুতি শেষ পর্যন্ত রেখেছেন মার্ক কুকুরেলা। জাতীয় দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের ছবি শরীরে ট্যাটু করিয়ে সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন স্প্যানিশ এই ডিফেন্ডার। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রতিশ্রুতি পূরণ হলো।’
বিশ্বকাপ চলাকালেই কুকুরেলা ঘোষণা দিয়েছিলেন, স্পেন শিরোপা জিততে পারলে কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু করাবেন। ফাইনালে স্পেনের শিরোপা নিশ্চিত হওয়ার পর বিষয়টি নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যেও কৌতূহল তৈরি হয়। অনেকেই অপেক্ষায় ছিলেন, কবে নিজের সেই অঙ্গীকার বাস্তবায়ন করবেন তিনি।
অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালেন ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার। শরীরে আঁকা নতুন ট্যাটুতে দেখা গেছে, বিশ্বকাপ ট্রফি হাতে দাঁড়িয়ে আছেন স্পেনের সফল কোচ লুইস দে লা ফুয়েন্তে। ট্যাটু করানোর পুরো প্রক্রিয়ার ভিডিওও ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন কুকুরেলা।
ফাইনালের পর এ নিয়ে কোচ দে লা ফুয়েন্তেও মজার ছলে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, কুকুরেলাকে এখন কথা রাখতেই হবে, কারণ তার শিষ্যরা প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। শেষ পর্যন্ত কোচের সেই বিশ্বাসেরই প্রতিফলন ঘটালেন স্প্যানিশ ডিফেন্ডার।
বিশ্বকাপজুড়ে কুকুরেলা শুধু এই ট্যাটুর প্রতিশ্রুতির কারণেই আলোচনায় ছিলেন না। মাঠের পারফরম্যান্সেও তিনি ছিলেন স্পেনের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়। পুরো টুর্নামেন্টে কোচের আস্থার প্রতিদান দিয়ে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

তবে বিশ্বকাপের আগে কুকুরেলা আরও একটি বড় ঘোষণা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর যদি স্পেনকে বিশ্বকাপও জেতাতে পারেন, তাহলে আন্তর্জাতিক ফুটবলে তার আর কিছু অর্জনের বাকি থাকবে না। সে ক্ষেত্রে জাতীয় দলকে বিদায় জানানোর বিষয়টিও বিবেচনায় রাখবেন।
কিন্তু বিশ্বকাপ জয়ের এক সপ্তাহ পেরিয়ে গেলেও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানাননি কুকুরেলা। ফলে স্পেনের জার্সিতে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই গেছে। এখন দেখার বিষয়, প্রতিশ্রুতির মতোই অবসরের ঘোষণাও দেন কি না, নাকি জাতীয় দলের হয়ে পথচলা আরও কিছুদিন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এই স্প্যানিশ ডিফেন্ডার।
কালের সমাজ/এসআর

